পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পক্ষ থেকে সীমান্তে পুশইনের চেষ্টা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি জানান, পুশইন বন্ধের দাবিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠিয়েছে।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশের অবৈধ নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, “অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের ফেরত দেওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। বাংলাদেশ আশা করে, ভারত সেই নিয়ম মেনেই কাজ করবে।”

আরও পড়ুন: হাসিনার সাথে ফোনালাপ কাল্পনিক রাষ্ট্রপতির চ্যালেঞ্জ

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সীমান্তে পুশইনের ঘটনা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী, শিশু ও বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ কাজে স্থানীয় জনগণও সহযোগিতা করছে বলে জানা গেছে।

এদিকে সোমবার (৮ জুন) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

বিজিবি সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার পাবে।