সংসদে ইসলামী ব্যাংক নিয়ে তীব্র বিতর্ক, মন্তব্য ঘিরে উত্তাপ
ইসলামী ব্যাংকের মালিকানা, ব্যবস্থাপনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
সংসদে আলোচনার সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়।”
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
মন্ত্রী আরও বলেন, ব্যাংকের বৈধ গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে এবং তাদের কোনো ক্ষতি হবে না। তবে কিছু পক্ষ পর্দার আড়ালে থেকে গ্রাহকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
ব্যাংকের পর্ষদ ও চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী পর্ষদ পরিবর্তন বা অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে আপত্তি থাকলে আইন পরিবর্তনের প্রস্তাব আনার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
তিনি আরও জানান, ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণ গ্রহণকারীদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যারা ঋণ ফেরত দেয়নি তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ব্যাংক থেকে ৯ হাজার কর্মী চাকরিচ্যুতির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ অতীতে ২৬টি ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়েছে। তিনি বর্তমান ব্যবস্থাপনায়ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে নানা কর্মসূচি ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।





