দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল, ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে রোববার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ডা. জাহেদ উর রহমান।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
সূত্রের দাবি, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে নজরদারি তালিকার তথ্যের ভিত্তিতে আটকে দেয় এবং দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়ে তিনি নিজের পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সূত্র আরও জানায়, পরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে তাকে যথাযথ সম্মানসহ ভারতে প্রবেশের অনুরোধ জানায়। তবে আত্মসম্মান ও কূটনৈতিক প্রটোকলের বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. জাহেদ উর রহমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন এবং কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য। তবে তিনি সাধারণ পাসপোর্টে ভারত সফরে গিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার পর তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।





