জাহেদ উর রহমানকে দিল্লিতে বাধা, ঘটনাকে দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর প্রেক্ষাপটে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
তবে কূটনৈতিক চিঠির মাধ্যমে আগাম অবহিত করার পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে ভারতের উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ড. জাহেদ উর রহমানের সফর এবং আইওআরএ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি অবহিত করেছিল।
ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।





