শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান পরিবেশ মন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরস্পরের পরিপূরক এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার রাজধানীর রামপুরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ‘ব্যাচেলর অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিডিএম)’ কর্মসূচির উদ্যোগে আয়োজিত “Building Future Leaders for a Safer and More Resilient World” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার
মন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সহনশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, কমিউনিটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দুর্যোগজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেবল দুর্যোগ-পরবর্তী প্রতিক্রিয়া নয়; বরং এটি ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং সহনশীল সমাজ গঠনের একটি সমন্বিত প্রক্রিয়া। বর্তমানে বিশ্বব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন এবং মানবিক সহায়তায় দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল
অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিডিএম কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করেন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির স্নাতকেরা জাতীয় উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালায় প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ডিন অধ্যাপক ড. ফুয়াদ এইচ. মালিক, সহযোগী অধ্যাপক ড. ইমন চৌধুরী, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। সমাপনী বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড।
কর্মশালাটি বিডিএম বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।





