প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, রাজধানীতে জোরদার নিরাপত্তা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬ | আপডেট: ৭:৪৫ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

এস এন নজরুল ইসলাম বলেন, “আপনারা জানেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে মহররম মাসও চলছে। এ দুটি বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।”

তিনি জানান, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় বিজিবি এবং সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডিএমপির এই কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, বাকি সময়েও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।