নোভোএয়ারে যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীর বিমান উপদেষ্টাকে নিয়ে জরুরি অবতরণ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নোভোএয়ারের বিমান যান্ত্রিক ত্রুটিতে আকাশে উড়ার চল্লিশ মিনিট পর জরুরি অবতরণ করেছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রীর বিমান উপদেষ্টা হুমায়ুন কবীরসহ শতাধিক যাত্রী। বিমানটি কোনোভাবেই উঠতে না পেরে আকাশেই চক্কর দিতে দিতে সৌভাগ্যক্রমে শাহজালালে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। 

বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ারের ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট লক্ষ্য করেন, বিমানের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে প্রত্যাহার হচ্ছে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

অনুমতি পাওয়ার পর নিরাপদ অবতরণের জন্য ফ্লাইটটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে অবস্থান করে অতিরিক্ত জ্বালানি খরচ করে। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে। পরে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

ফ্লাইটটির যাত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার ওপরে উঠছিল না। ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান করতে না পারায় নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাপ্টেন যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি ও যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে কিছুটা অস্বস্তিকর করে তোলে।

এ ধরনের ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলোর ব্যবহৃত পুরোনো উড়োজাহাজ নিয়মিত ও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নভোএয়ারের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় ফ্লাইটটি গন্তব্যে না গিয়ে ঢাকায় ফিরে আসে। বর্তমানে প্রকৌশলীরা ত্রুটির কারণ তদন্ত করছেন।