তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক: ডা. জুবাইদা রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও এবং দুটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনকালে শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, “তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ, তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে।”

সোমবার (৬ জুলাই) রাজধানীর সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে শিশু দিবাযত্ন কেন্দ্র, ভূমি ভবন এবং শিশু দিবাযত্ন কেন্দ্র, পানি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

আরও পড়ুন: খাদ্যে ভেজাল বিরোধী প্রতিষ্ঠানগুলো গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ সদস্যের কমিটি

এরপর পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) কার্যক্রমের আওতায় আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

কর্মশালায় ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত ও সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমে শিশুদের জ্ঞানীয় ও সামাজিক বিকাশের শক্ত ভিত্তি গড়ে উঠবে। তিনি বলেন, শৈশব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। এ সময়েই একজন শিশুর ভবিষ্যতের ভিত্তি নির্মিত হয়। ডে কেয়ার সেন্টার শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও প্রত্যাবাসন নিয়ে ঢাকায় গোলটেবিল বৈঠক

তিনি শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোর কেয়ারগিভারদের মানবিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ছয়টি ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে এ কার্যক্রমের সূচনা হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। ‘আমি নয়, আমরা’ এবং ‘করবো কাজ, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।