আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন। একদিনের এই সফরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন তিনি।
আরও পড়ুন: বরিশালের পথে প্রধানমন্ত্রী
সফরের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরকালে তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর। এ কারণে সফরটি রাজনৈতিক ও প্রশাসনিক—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।





