ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারি সেবা, প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগের সুযোগকে এক জায়গায় নিয়ে আসতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ‘গল্প নয়, সত্যি’ শীর্ষক পর্বে সফল উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচিত ছয়জন উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মো. মোর্শেদ হাসান খান। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন প্রজন্মের উদ্যোক্তা, বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে সরকার, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।