বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হলে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং উচ্চশিক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতেন। বর্তমানে চিত্রটি অনেকটাই উল্টো। এখন দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। এই বাস্তবতা পরিবর্তন করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

আরও পড়ুন: ৩০০ কোট, ৫৩২ টাইসহ সাইফুজ্জামানের ফ্ল্যাটে বিলাসবহুল সামগ্রী উদ্ধার: দুদকের অভিযান

তিনি বলেন, “আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য, বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাবে পরিণত করা।”

দেশের শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার মানবসম্পদ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তি তৈরি করার বিকল্প নেই। এজন্য সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: প্রক্সি দিয়ে সরকারি চাকরি পেতে গিয়ে ধরা ৪ জন, জালিয়াতি ফাঁস

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা উল্লেখ করে ড. মিলন বলেন, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক বৈশিষ্ট্য ও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নওগাঁ যেহেতু একটি কৃষিপ্রধান জেলা, তাই ভবিষ্যতে এখানে ফুড টেকনোলজি, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ-সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, গবেষণাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ তৈরি করা গেলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।