পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে সবাইকে ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দিতে সানিডেলের ১২৪ জন শিক্ষার্থী আজ সংসদে আসে। তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।

সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষার্থীদের করণীয় নিয়েও কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে তোমাদেরও অংশগ্রহণ করা উচিত। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি আত্মীয়-স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, যেকোনো বিশেষ আয়োজন—জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দেওয়া যেতে পারে। এভাবে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিদেশে গেছ, তারা নিশ্চয়ই দেখেছ সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে তোমরাও সহযোগিতা করবে। যদি দেখ তোমাদের বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করছে বা রাস্তায় ময়লা-আবর্জনা ফেলছে, তখন তাদের বারণ করবে।’

লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সেদেশের পরিবেশ সেখানকার নাগরিকরা পরিচ্ছন্ন রাখে। আমরা নিজেরা যদি নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে আগেভাগেই সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তোমাদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ছোট ছোট এমন কিছু কাজ করব, যেগুলো সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। তোমরাও এসব কাজে অংশ নেবে এবং একটি সুন্দর দেশ গড়তে সহযোগিতা করবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দেশের ইতিবাচক পরিবর্তন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়।