মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরকে কিশোর গ্যাংমুক্ত করতে অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কিছু থাকবে না। এর  কোনো অস্তিত্ব রাখা হবে না। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে নাগরিকদের সঙ্গে নিয়ে প্রতিদিন অভিযান চালাবে পুলিশ।

গতকাল বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওসমান গনি, র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারাও সভায় অংশ নেন। 

আরও পড়ুন: একদিনে রাজধানীসহ দুই জেলায় ৬ মরদেহ

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের বক্তব্যে মোহাম্মদপুরের কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের বিষয়গুলো সবচেয়ে বেশি উঠে এসেছে। তবে বেশির ভাগ নাগরিকের মতে, আগের তুলনায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদক কেনাবেচা কমেছে। পুলিশের পরিসংখ্যানেও ছিনতাই অনেকটা নিয়ন্ত্রণে আসার চিত্র দেখা যাচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, নাগরিকেরা চান মোহাম্মদপুরে কোনো ছিনতাই, কিশোর গ্যাং কিংবা মাদক থাকবে না। পুলিশও সেই লক্ষ্যেই কাজ করছে।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে এসব সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। কারণ জনতার প্রতিরোধ সবচেয়ে বড় শক্তি। পুলিশকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের মানুষ এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুললে সেখানে মাদক ও কিশোর গ্যাং টিকে থাকতে পারবে না।

আরও পড়ুন: ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী