কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠলেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:১২ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করে ছয় তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বের হয়ে ৪ নম্বর ভবনে হেঁটে যান। এরপর লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ভবনটির ছয় তলায় ওঠেন তিনি।

কৃষি মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী সিঁড়ি দিয়ে হেঁটেই নিচে নেমে আসেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

উপ-প্রেস সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সিঁড়ি ব্যবহার করে ছয় তলায় ওঠার বিষয়টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্যে রাখার পাশাপাশি জানালা খুলে দিনের আলো ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বার্তা দেওয়া হচ্ছে।