অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে হবে: শ্রমমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রমমন্ত্রী পুকাশ উচ্চ বিদ্যালয়ের একতলা এবং গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের স্মার্ট আইটি ল্যাব ও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

গোয়াইনঘাট সরকারি কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কলেজে ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতি ও অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত অভিভূত। এ সময় তিনি ছেলে শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ৮০০ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে ২০ লাখ মেরিনারদের পারফর্ম্যান্সের ওপর : নৌপরিবহন মন্ত্রী

কলেজের নবপ্রতিষ্ঠিত স্মার্ট আইটি ল্যাব প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির প্রতি আরও আগ্রহী হলে প্রয়োজনে ল্যাবটি সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে কলেজের ছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে একটি হোস্টেল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সফরকালে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।