ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আরও পড়ুন: জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা-ভাঙচুর
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। পরে সকাল ১১টায় অধিদপ্তরে অনুষ্ঠিত হয় তাঁর বিদায়ী দরবার। এতে অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশ নেন। দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকেও কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন কর্মকর্তারা। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাঁর দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: হ্যালো ডিসি’তে অভিযোগ, ঢাকার চার উপজেলায় মাদকবিরোধী অভিযান
অনুষ্ঠান শেষে নিজ দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। পরে অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সদর দপ্তর ত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।





