মহেশখালীতে নির্মাণ হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসন এবং গ্যাস সরবরাহ বাড়াতে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে একটি সমুদ্র উপকূলে এবং বাকি দুটি মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ টার্মিনাল হিসেবে নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে আরও দুটি ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান করার লক্ষ্যে কাজ চলছে।

মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ বি এম আব্দুস সাত্তার বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ শেষ হলে দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করতে চায়। সে লক্ষ্যেই প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

পরিদর্শন ও ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।