জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে জনকল্যাণের রাজনীতির ডাক আমিনুল হকের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর রূপনগরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে পল্লবীর চলন্তিকা মোড়ে রূপনগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন: অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে আশ্রয় নিয়েছে: অভিযোগ রুহুল কবির রিজভীর

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। কৃষি, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তিনি যে স্বপ্নের বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা হয়তো তাঁর শাসনামল সরাসরি দেখিনি, কিন্তু তাঁর কর্ম ও অবদানের ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে আমাদের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে হবে।”

আরও পড়ুন: রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী, বিচার নিশ্চিতের আশ্বাস

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যত ভালো কিছু আছে, তার পক্ষে থাকুন। আর যেসব কাজ সমাজ ও রাজনীতিকে কলুষিত করে, সেগুলো থেকে দূরে থাকুন। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল দায়িত্ব।”

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে নানা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।