সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, অভয়ারণ্য গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ৪:৩১ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে সন্ত্রাসীদের কোনো ধরনের নিরাপদ আশ্রয় বা অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও র‍্যাবের ওপর হামলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনাগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় অপরাধী চক্রের প্রভাব বিস্তার ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুরের মতো এলাকাগুলোতে অস্ত্র উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এই পরিস্থিতিতে অপরাধী গোষ্ঠীগুলো তাদের পুরোনো আধিপত্য বজায় রাখতে চাইলেও তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং অপরাধীদের জন্য কোথাও কোনো জায়গা রাখা হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সেগুলো সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে সমাধান করা হচ্ছে এবং জাতীয় পর্যায়ে উদ্বেগ তৈরির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, জঙ্গল সলিমপুরে সংঘটিত হামলা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সতর্কবার্তা হলেও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তি বাহিনীর সক্ষমতার তুলনায় নগণ্য। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানের মাধ্যমে অপরাধীদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে। র‍্যাব প্রধানের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অতর্কিতভাবে আঘাত হানলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।