ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র্যাব ডিজি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঈদগাহের নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
র্যাব ডিজি বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি জানান, র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে। প্রধান ঈদের জামাতগুলোকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
র্যাব সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল এবং নকল পণ্য বাজারজাত প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এ ছাড়া ঈদের ছুটিতে বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বিবেচনায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহল জোরদার করা হয়েছে।
ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।





