সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিলটির বিতর্কিত বিধান সংশোধনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বিলটি পাসের আগে ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

রোববার রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কথা বলা হয়। আমিরের আহ্বানে সভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান

সভায় হেফাজতে ইসলামের নেতারা বলেন, সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত আইনে মুসলিমদের হেবা (দান) নিয়ে নতুন আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে সংগঠনটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করার প্রতিবাদ জানানো হয়। হেফাজতের নেতারা দাবি করেন, আইনটির কিছু বিধান কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। মুসলিমপ্রধান দেশে ইসলামী শরিয়াবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

বিলটি সংশোধনের দাবি জানিয়ে নেতারা বলেন, সংসদে উত্থাপনের আগে সরকারের উচিত ছিল ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত নেওয়া।

তারা বলেন, রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে তারা অস্বীকার করেন না। তবে মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামী আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া প্রয়োজন।

সভায় আরও বলা হয়, কোরআনের নিজস্ব আইনি কাঠামোকে পাশ কাটিয়ে আইন প্রণয়ন করা শরিয়াকে অবজ্ঞা করার শামিল।

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও নিন্দা জানায় হেফাজতে ইসলাম।

সংগঠনটির নেতারা বলেন, কোনো বিষয়ে আপত্তি জানানো ব্যক্তিরা আইন পড়েছেন কি না—এমন প্রশ্ন তোলার পরিবর্তে তাদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ।

তারা আরও বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও শরিয়তসম্মত সম্পত্তি বণ্টন ব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্ব।

হেফাজতে ইসলাম জানায়, তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে।

একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, কোনো ধরনের অহেতুক বিরোধে না গিয়ে আলেম-ওলামা ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিষয়টির গ্রহণযোগ্য সমাধান করতে হবে।

হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনেরও দাবি জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতা ও ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে।

সভায় আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াসহ হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।