৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এদিকে দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে, ৬৬ মিলিমিটার। রাজধানী ঢাকায় এ সময়ে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: বাড়বে গরম, ৮-১০ দিনের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
রোববার সন্ধ্যায় আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।





