সুখবর পেলেন বিএনপির আরও ৮ নেতা
দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে পূর্বে বহিষ্কৃত আট নেতাকে ফের দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। পাশাপাশি একজন নারী নেত্রীর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যেসব নেতাকে এর আগে বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না: রিজভী
দলে ফেরত আসা নেতারা হলেন— সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম।
এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকেও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, সাংগঠনিক ঐক্য জোরদার ও দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





