আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি তৎপর: আসিফ মাহমুদ

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অতীতের দমন-পীড়ন ও ফ্যাসিবাদের বিচার কার্যত থেমে যাবে। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের একটি সুস্পষ্ট প্রক্রিয়া দৃশ্যমান রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা হলে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয় এলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদের বাস্তবায়ন হবে না বলেও দাবি করেন আসিফ মাহমুদ। তার ভাষ্য, জুলাই সনদে স্বাক্ষর করলেও বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যা তাদের নির্বাচনী ইশতেহারেই প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় অস্ত্র মজুদের তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া উঠান বৈঠকে কিছু প্রার্থী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে বলেও দাবি করেন তিনি।

এ অবস্থায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এসব অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।