নওশাদের কাছে হারলেন সারজিস আলম, ব্যবধান ৮ হাজার ৩০৪ ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়।
বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫টি কেন্দ্রের ফলাফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩০৪।
আরও পড়ুন: ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুন: আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম
এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।





