নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান
পবিত্র রমজানের প্রথম দিনে এতিম শিশু ও অসহায় নারীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ভাসানটেক এলাকায় তিনি উপস্থিত হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে বসে ইফতার করেন।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
রমজান মাস উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হিফজ মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের একটি বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। জাইমা রহমানের ব্যক্তিগত তদারকিতে পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবেই তিনি সরাসরি ভাসানটেকে উপস্থিত হন।
ইফতারের আগে তিনি এতিম শিশুদের পাশে বসে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। শিশুদের বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া বয়স্ক নারীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ও প্রয়োজন-সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
প্রবাসে পড়াশোনা শেষে দেশে ফেরার পর জাইমা রহমানের এমন জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আজানের সঙ্গে সঙ্গে জাইমা রহমান শিশুদের মাঝে ইফতার পরিবেশন করেন এবং তাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।
আয়োজনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা আড়ম্বর ছিল না। উপস্থিত নারীরা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।





