আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ, কাপড় হাতে নিয়েই বের হলেন রুমিন ফারহানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৩ পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় আড়ং-এর একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন রুমিন ফারহানা।

শনিবার রাতে উত্তরার জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কিনতে যান তিনি। তবে কেনাকাটার পর শপিং ব্যাগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করে কাপড় হাতে নিয়েই শোরুম ত্যাগ করেন।

আরও পড়ুন: পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে : শিমুল বিশ্বাস

ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা কয়েকটি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন।

এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে তিনি উল্লেখ করেন, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনলেও বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগও না পাওয়া অস্বাভাবিক। পরিবেশের কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

ঘটনা সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ইফতারের পর উত্তরার আড়ং শোরুমে গিয়ে মায়ের জন্য চারটি কাপড় কেনেন তিনি। বিল পরিশোধের পর কর্তৃপক্ষ জানান, কাপড় নেওয়ার জন্য ব্যাগ চাইলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে।

তিনি বলেন, ‘আমি জানতে চাই কেন কাপড়ের ব্যাগের জন্য আলাদা টাকা দিতে হবে। বিষয়টি অদ্ভুত মনে হয়েছে। তাই ক্ষোভ প্রকাশ করে কাপড় হাতে নিয়েই বের হয়ে আসি।’

রুমিন ফারহানা আরও বলেন, মায়ের জন্য নির্দিষ্ট মাপের কাপড় পাওয়ায় আড়ংয়ে গিয়েছিলেন। অন্য দোকানে সেই মাপ পাওয়া যায় না বলেই সেখানে কেনাকাটা করতে হয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য উত্তরার আড়ং শোরুমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।