গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

রাজধানীতে বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১ দলীয় জোটের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৯ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের নেতারা জানিয়েছেন, গণভোটের ফলাফলের যথাযথ প্রতিফলন না পাওয়ায় তারা এই প্রতিবাদ কর্মসূচিতে যাচ্ছেন।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

এর আগে বুধবার সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারের কার্যক্রমে তারা “বিস্মিত ও মর্মাহত”।

একই দিনে সংসদের অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ’ জারি না করা এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

আরও পড়ুন: জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম

ওয়াকআউটের আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়; বরং নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল সবাই যে বিষয়ে একমত হয়েছিল, সেটির বাস্তবায়ন না হওয়ায় জনগণের রায়ের অবমূল্যায়ন হয়েছে।

তিনি আরও বলেন, “এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্যই প্রতিবাদ হিসেবে আমরা ওয়াকআউট করছি।”

তবে স্পিকার বিরোধী দলকে অধিবেশনে থেকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরবর্তী মুলতবি প্রস্তাবে তাদের প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এবং সেখানে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে বিরোধী জোট রাজপথে নিজেদের অবস্থান জোরালো করতে চাইছে, যা সামনের দিনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।