সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৩০ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১০ এপ্রিল) থেকে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১১টা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ করে তা ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত প্রদান করতে হবে।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

এর আগে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের সময় ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।