সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালন করবে দলটি। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে মিছিলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানোর কথা জানানো হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই পরিস্থিতির প্রভাব সামাল দিতে দেশের বাজারে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার স্বার্থেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি জানান, জ্বালানি খাতে ভর্তুকি দিতে গিয়ে সরকারকে প্রতি মাসে প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, শুধু ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল। এতে বছরে ডিজেল খাতেই ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা দাঁড়াচ্ছিল। সব ধরনের জ্বালানি মিলিয়ে বছরে সরকারের লোকসানের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা বলেও জানান তিনি।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে বাংলামোটর এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হওয়ার কথা রয়েছে।