সৌদি আরবে ব্রেন স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন সুমন (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সৌদি আরবের হাফার আল বাতান শহরের কিং খালেদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম গিয়াস উদ্দিন সুমন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি নবাবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আরও পড়ুন: আলজেরিয়ার কারাভোগ শেষে দেশে ফিরলেন চার বাংলাদেশি
সুমনের নিকটাত্মীয় ও সৌদি আরবপ্রবাসী আনোয়ার হোসেন জানান, প্রায় দেড় বছর আগে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে সুমন সৌদি আরবের হাফার আল বাতান এলাকায় যান। গত ২৮ জুলাই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে সহকর্মীরা দ্রুত তাকে কিং খালেদ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু ও স্থানীয়রা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: রোমে বাংলাদেশি পরিবার হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজনের পরিচয় প্রকাশ





