বিপিএলে আসতে চায় নতুন চার দল
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর সম্পন্ন হয়েছে মাত্র চারদিন আগে। বিতর্কমুক্ত আসরটি দর্শকদের মন জয় করেছে ব্রডকাস্টিং, ধারাভাষ্য, এবং সামগ্রিক আয়োজনের মাধ্যমে।এরইমাঝে আভাস পাওয়া গেল নতুন প্রতিদ্বন্দ্বিতার।
এই সাফল্যের ধারাবাহিকতায়, আগামী বিপিএলে অংশগ্রহণের জন্য আরও চারটি নতুন দল আবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে। বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এই আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আবেদনের প্রেক্ষিতে দল বাড়ানোর সম্ভাবনা কম বলেও মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা
দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মল্লিক জানান, বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আরও চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারো সুযোগ মিলতে পারে।
কোন কোন অঞ্চল থেকে দল গঠনের আবেদন এসেছে তাও নিশ্চিত করেছেন ইসমাইল হায়দার মল্লিক, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’
আরও পড়ুন: মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা
বিপিএল নিয়ে বড় অভিযোগ সময়। এমন এক সময়ে বিপিএল আয়োজন করা হয়, যখন বিশ্বের আরও অনেক লিগই চলমান থাকে। বিষয়টি মেনে নিয়েছেন বিপিএলের সদস্য সচিব, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’
এর আগে, বিপিএলে ময়মনসিংহ দলের ঘোষণা দিয়ে রেখেছিলেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে শান্ত। এবার তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনীতির এই ব্যক্তিত্ব নিজের ফেসবুকে ময়মনসিংহের বিপিএলে উপস্থিতির কথা জানিয়ে বলেছিলেন, বিসিবি কর্তৃপক্ষের সাথে কথা বলে এলাম। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বিপিএলে ময়মনসিংহের ক্রিকেট টিম থাকবে। নাম হবে, “ ব্রহ্মপুত্র এক্সপ্রেস” ইনশাল্লাহ।





