বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সীমিত ওভারের সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ। চলতি বছরের জুলাই-আগস্টে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থিক ও লজিস্টিক জটিলতার কারণেই সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি আইরিশ বোর্ড।

আরও পড়ুন: বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সিরিজটি নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। এর আগে জুন মাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরের পরিকল্পনা ছিল।

সম্প্রতি গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি অন্তর্ভুক্ত না থাকায় বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পরে জানা যায়, সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল হলেও ব্যস্ত সূচি রয়েছে আয়ারল্যান্ডের। ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এর মধ্যে মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ এবং জুনে ভারতের বিপক্ষে দুই ম্যাচের বিশ ওভারের আন্তর্জাতিক সিরিজ খেলতে ভারতের সফরে যাবে আইরিশরা।

বাংলাদেশের জন্য এই সিরিজ বাতিল হওয়ায় জুলাই-আগস্ট সময়সূচিতে আন্তর্জাতিক ব্যস্ততা কিছুটা কমে গেছে। ফলে পরবর্তী সিরিজ খেলতে টাইগারদের অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস।