বিশ্বকাপে ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রোববার (১৯ জুলাই) ৬-৪ গোলের রোমাঞ্চকর হারে মাঠ ছাড়লেও ব্যক্তিগত অর্জনে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
এমবাপ্পে এখন বিশ্বকাপে মোট ২২ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার ঠিক পেছনেই আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ২১। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সুযোগ থাকায় মেসির সামনে আবারও শীর্ষস্থান ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজায় স্পেনের প্রতি সমর্থনের জোয়ার
চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে নিজের তৃতীয় বিশ্বকাপে ১০ গোল করেছেন। এর ফলে তিনি গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে উঠে এসেছেন। এই টুর্নামেন্টে তার গোলসংখ্যা মেসির চেয়ে দুটি বেশি। মাত্র ২২টি বিশ্বকাপ ম্যাচে ২২ গোল করে এই মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে তিনি করেছিলেন ৪ গোল, ২০২২ সালে ৮ গোল এবং চলতি আসরে যোগ করেছেন আরও ১০ গোল।
রেকর্ড গড়ার পরও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
এমবাপ্পে বলেন, মেসি ফাইনালে গোল করবেই, এটা নিশ্চিত। আমি শুধু আমার দলকে জেতাতে সাহায্য করার চেষ্টা করছি। বিশ্বকাপে অনেক গোল করলে অবশ্যই বিশেষ মর্যাদা পাওয়া যায়। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা না হয়ে যদি আগামীকালের ম্যাচটি খেলতে পারতাম, তাহলে আমি আরও খুশি হতাম। ঐতিহ্যের দিক থেকে এটি বড় অর্জন, কিন্তু এই মুহূর্তে সেটিই আমার প্রধান চিন্তা নয়।
এদিকে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করতে পারলে মেসি আবারও এমবাপ্পের সঙ্গে সমতায় ফিরতে বা তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে দলগত লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়েও থাকবে বাড়তি উত্তেজনা।
- বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ২২ গোল (২২ ম্যাচ)
- লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২১ গোল (৩৩ ম্যাচ)
- মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)
- রোনালদো (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)
- গের্ড মুলার (পশ্চিম জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)
- হ্যারি কেইন (ইংল্যান্ড) — ১৪ গোল (১৮ ম্যাচ)
- জুস্ত ফঁতেন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)
- পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)
- সান্দর কোকসিস (হাঙ্গেরি) — ১১ গোল (৫ ম্যাচ)
- ইউর্গেন ক্লিন্সমান (জার্মানি) — ১১ গোল (১৭ ম্যাচ)
- ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) — ১১ গোল (২৭ ম্যাচ)





