চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মেটার নতুন এআই অ্যাপ

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাজারে আসার পর অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ মিউজ (Muse)। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাবে, যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল সংখ্যা একই সময়ের চ্যাটজিপিটির তুলনায় বেশি ছিল।

শুধু ইনস্টলের হিসাবেই নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব পরিসংখ্যান মেটা বা ওপেনএআইয়ের নিজস্ব তথ্য নয়। এগুলো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার বিভিন্ন তথ্যের ভিত্তিতে তৈরি করা অনুমান।

আরও পড়ুন: হঠাৎ বন্ধের পর আবার স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম, জানুন কী হয়েছিল?

দুই অ্যাপের তুলনা সরাসরি করা কিছুটা জটিল। কারণ স্মার্টফোনে চ্যাটজিপিটি চালুর সময় এটি প্রথমদিকে বিশ্বজুড়ে শুধু আইফোনে পাওয়া যেত। অন্যদিকে মিউজ বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাচ্ছে। তবে মিউজ এখনো যুক্তরাষ্ট্র ও কানাডায় সীমাবদ্ধ।

তাই তুলনাটি কাছাকাছি আনতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোনের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ওই সময়ে মিউজ প্রায় ১৮ লাখ বার ডাউনলোড হয়েছে। একই সময়ে চ্যাটজিপিটি ডাউনলোড করা হয়েছিল প্রায় ১৩ লাখ বার।

আরও পড়ুন: ইউআইইউ গড়ল বংলাদেশের নতুন ড্রোন ইতিহাস: বিশ্বে ৪র্থ

অ্যাপটোপিয়ার হিসাবে, বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজের মোট ইনস্টল প্রায় ২৮ লাখ।

যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরেও দ্রুত অবস্থান বদলেছে মিউজ। বাজারে আসার পর এটি সামগ্রিক তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। পরে উঠে আসে শীর্ষে। আরেক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস জানিয়েছে, ওই সময় যুক্তরাষ্ট্রে মিউজের ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজের ব্যবহার বাড়ছে বলে অ্যাপটোপিয়ার তথ্য বলছে। যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার। একই সময়ে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।

শুধু আইফোন ব্যবহারকারীদের হিসাবেও মিউজ এগিয়ে বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তাদের হিসাবে, মিউজের দৈনিক সক্রিয় আইফোন ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার। তবে এসব সংখ্যাকে চূড়ান্ত হিসাব হিসেবে দেখার সুযোগ নেই। কারণ অ্যাপটোপিয়ার কাছে মেটার অভ্যন্তরীণ ব্যবহারকারীসংক্রান্ত তথ্য নেই। প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎসের তথ্য বিশ্লেষণ করে এসব সংখ্যা অনুমান করেছে।

মিউজের দ্রুত বিস্তারের পেছনে মেটার বিদ্যমান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিউজ ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে এবং হোয়াটসঅ্যাপেও এটি ব্যবহার করা যায়।

অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন। আর প্রায় ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করেন।

মেটা এখনো মিউজের প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে অ্যাপটির প্রকৃত ব্যবহারকারী সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তৃতীয় পক্ষের প্রাথমিক হিসাব বলছে, উন্মোচনের অল্প সময়ের মধ্যেই মেটার নতুন AI অ্যাপটি উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে।