নির্বাচনি বিজ্ঞাপনে মেটার নতুন নীতিমালা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা (META) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের বিষয়ে নীতিমালা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে। নতুন এ নীতিমালা আগামী বছর থেকে অনুসরণ করা হবে।

ফলে আগামী বছর যেসব দেশে নির্বাচন হবে সেখানে এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরির ক্ষেত্রে এ নীতিমালা প্রয়োগ করবে তারা।

আরও পড়ুন: সুনাম ও ক্রেতার আস্থায় এগিয়ে যাচ্ছে ‘স্বপ্ননীড় ক্রাফট’

মেটার নতুন নীতিমালায় বলা হয়েছে, রাজনৈতিক বিজ্ঞাপনে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবি বা ভিডিওর দৃশ্য পরিবর্তন করা হয়, তবে তা অবশ্যই উল্লেখ করতে হবে। এ বিষয়ে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান নিক ক্লেগ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো ব্যক্তির কণ্ঠ নকল বা ভিডিও তৈরি করে বিজ্ঞাপনে ব্যবহার করা হলে তা অবশ্যই জানাতে হবে। এ ছাড়া বাস্তবে কোনো ঘটনা ঘটেনি বা কাল্পনিক কোনো মানুষের চেহারা ও অবয়ব তৈরি করা হলেও উল্লেখ করতে হবে।

নির্বাচনের সময় এআই দিয়ে রাজনৈতিক বিজ্ঞাপন তৈরি করলে নির্মাতাদের অবশ্যই ডিসক্লেইমার অপশনে ‘পেইড ফর বাই’ বার্তা উল্লেখ করতে হবে। এর ফলে এআই দিয়ে তৈরি নির্বাচনি বা রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহৃত বিজ্ঞাপনগুলো সহজেই শনাক্ত করা যাবে এবং ভুল তথ্য প্রচার হবে না। এআই বিজ্ঞাপনে নীতিমালা অনুসরণ করা না হলে বা বিজ্ঞাপনের মাধ্যমে ঘৃণা, সহিংসতা, গুজব ছড়ানোর আশঙ্কা থাকলে সেগুলো প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলবে মেটা।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

নির্বাচনকালীন ভুয়া তথ্য ও গুজব ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিজ্ঞাপনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ করল মেটা।