বিটিআরসিকে অ্যাকাউন্ট ব্লক করতে চিঠি
আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ
আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে দলীয় ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম ও এক্স (সাবেক টুইটার)–সহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি, বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল, প্রচারণা ও গণমাধ্যমে উপস্থিতি নিষিদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে।
আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করুন সহজেই
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সরানো বা কনটেন্ট মুছে ফেলা সহজ নয় বলেও মন্তব্য করেছেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘‘সরকার চাইলে ওয়েবসাইট ব্লক করতে পারে, তবে ফেসবুক বা ইউটিউবের কনটেন্ট সরানো বা অ্যাকাউন্ট বন্ধের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে অনুরোধ করতে হয় এবং তারা নিজ নিজ নীতিমালার ভিত্তিতে ব্যবস্থা নেয়।’’
উল্লেখ্য, মেটার সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুরোধে তারা ২,৯৪০টি কনটেন্টের অ্যাক্সেস সীমিত করেছে। গুগল বলছে, একই সময়ে বাংলাদেশ থেকে পাঠানো ৪৯০টি অনুরোধে মোট ৫,৮২৭টি কনটেন্ট সরানোর অনুরোধ জানানো হয়, তবে এর মধ্যে বড় অংশে কোনো পদক্ষেপ নেয়নি গুগল।
আরও পড়ুন: ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো





