ঈদের ফিরতি ট্রেনযাত্রা: ২৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ওই দিন পাওয়া যাবে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

আরও পড়ুন: সকল গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নির্দেশনা কার্যকর করল বিআরটিএ

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে অনলাইনে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, যা জানালো পুলিশ

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে কেনা কোনো টিকিট রিফান্ড করা হবে না বলেও জানানো হয়েছে।