মার্চে বাড়বে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১ মার্চ) প্রকাশিত মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা
পূর্বাভাস অনুযায়ী, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
এছাড়া মাসজুড়ে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।





