ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, ৩ অঞ্চলে হতে পারে ঝড়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৪ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ দেশের ৮ বিভাগে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বুধবার (১১ মার্চ) রাতের দিকে দেশের তিনটি অঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা

অন্যদিকে, বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস