ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড়, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ মার্চ) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

পূর্বাভাস অনুযায়ী, ১৯ মার্চ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২০ মার্চ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

২১ মার্চ দেশের বৃহত্তর অংশে বজ্রসহ বৃষ্টি ও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ২২ মার্চ আবারও কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: রাজধানীসহ দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।