ঈদে মহাসড়কে ট্রাক-লরি চলাচলে বিআরটিএর নির্দেশনা
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সড়কে যানজট কমানো এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৬ মার্চ) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল বিমানবন্দর থেকে ৪৭৭টি ফ্লাইট বাতিল
তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন। এসব পণ্যবাহী গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায় এবং ঈদযাত্রায় ভোগান্তি কমে।
আরও পড়ুন: ঈদের ফিরতি ট্রেনযাত্রা: ২৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার
এদিকে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দেওয়া হয়েছে। হটলাইন ১৬১০৭ ছাড়াও মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআরটিএ বলছে, ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।





