চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ হাজী নিয়ে জেদ্দার পথে প্রথম যাত্রা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের পবিত্র হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৩৭১ জন হাজী নিয়ে বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-135 ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে ঢাকা থেকে ৪১ জন হাজী, চট্টগ্রাম থেকে ৩৭১ জন হাজী এবং ২ জন নন-হাজীসহ মোট ৪১৪ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চালুর আলোচনা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং হাজীদের সেবা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের বিষয়েও সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানান।
আরও পড়ুন: ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ ই-রিকশা
বিশেষ অতিথির বক্তব্যে বিমানবন্দর পরিচালক জানান, হাজীদের যাত্রা নির্বিঘ্ন করতে একটি উচ্চ পর্যায়ের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে আরোহন পর্যন্ত প্রতিটি ধাপে এই কমিটি সরাসরি তদারকি করবে।
তিনি আরও জানান, ঢাকার মতো হজ ক্যাম্প না থাকায় বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে হাজীদের বসার ব্যবস্থা, সুপেয় পানি, ফ্যান, চিকিৎসা সেবা এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সার্বিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে হাজীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং তিনি হাজীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৬টি ফ্লাইটে প্রায় ৬ হাজার হাজী সৌদি আরব যাবেন। শেষ হজ ফ্লাইট আগামী ২০ মে ছাড়বে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩১ মে থেকে।





