রাস্তায় নেমে আসা সবাই বিএনপির কর্মী নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সমাবেশে রাস্তায় নামা সব মানুষ বিএনপির কর্মী নন; বরং সাধারণ মানুষের একটি বড় অংশ দলটির প্রতি আস্থা প্রকাশ করেই সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই জনসমর্থন ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং প্রয়োজনে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে আয়োজিত এক কর্মিসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ৩ মে রবিবার থেকেই শুরু হাওরের কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ
প্রধানমন্ত্রী বলেন, “মানুষ এখন মুক্তভাবে কথা বলতে চায়। শুধু মত প্রকাশের কারণে কাউকে আটক করা হবে—এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য নয়। তবে কেউ অপরাধ করলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।”
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ক্ষমতায় থাকার মানসিকতা থেকে আচরণ করা যাবে না। “আপনি ক্ষমতাসীন দলের কর্মী—এই চিন্তা মাথায় আনলেই ক্ষতি হবে,”—যোগ করেন তিনি।
আরও পড়ুন: চার দিনের ডিসি সম্মেলনে উঠছে ৪৯৮ প্রস্তাব
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়ার প্রস্তুতির পাশাপাশি জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং আচরণে সংযমী থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কলিম উদ্দিন মিলনসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা।





