নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা বেগম জানান, দুর্ঘটনার পর আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ হাজী নিয়ে জেদ্দার পথে প্রথম যাত্রা
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান বলেন, ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার একেএম রেজাউল করিম জানান, আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কারওয়ান বাজারে হঠাৎ থেমে গেল মেট্রোরেল চলাচল
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল হালিম বলেন, তাদের হাসপাতালে ৬ জন আহতকে আনা হয়েছে, তবে কারও আঘাত গুরুতর নয়।
রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার ও মেরামত কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





