৬ জেলায় তাপপ্রবাহ, সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস
দেশের ছয় জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় স্বস্তি দিতে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ এপ্রিল) রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় জনজীবনে অস্বস্তি বেড়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
সংস্থাটি আরও জানায়, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সারাদেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
এছাড়া শুক্রবার থেকে পরবর্তী দুদিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১৯ এপ্রিল) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (২০ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে।





