রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৪ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। পরে দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা তেমন বেশি না হলেও, দ্রুত স্যাঁতসেঁতে আবহাওয়া তৈরি করে। সদরঘাট, মতিঝিল, জিগাতলা, আগারগাঁও, হাতিরঝিল, পল্টন, কারওয়ান বাজার এবং মিরপুর এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টির পর আবার হালকা রোদও ওঠে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: কুলাউড়ায় বাণিজ্য মেলা না করার আহবান ব্যবসায়ী সমিতির

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে তিন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: টুপটুপে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর

এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।