নাফ নদী থেকে সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ১৫ জুন ২০২৪ | আপডেট: ৬:৩৮ পূর্বাহ্ন, ১৯ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্তের কাছে গত কয়েকদিন ধরে যে তীব্র গোলাবর্ষণ ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল তা শুক্রবার থেকে থেমে গেছে। এছাড়াও, নাফ নদীর মোহনায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজটিও শুক্রবার সন্ধ্যা থেকে আর দেখা যাচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সারা রাত ধরে রাখাইনের বিভিন্ন স্থানে তীব্র গোলাবর্ষণ ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার ভোর থেকে শনিবার বেলা ১টা পর্যন্ত আর কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

আরও পড়ুন: আজকে যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি

স্থানীয় লোকজন বলছেন, সীমান্তের ওপারে থেমে থেমে গুলিবর্ষণের ফলে স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছেন। এ ছাড়া সীমান্তের ওপারের যেসব এলাকায় এখন গোলাগুলি চলছে, সেখানে রোহিঙ্গাদের বসতি রয়েছে। শাহপরীর দ্বীপের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি আগের তুলনায় শান্ত। তবে যদি সেখানে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়, আবারও রোহিঙ্গাদের ঢল নামতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, গতকাল (১৪ জুন) সন্ধ্যার পর সে স্থান থেকে সরে গেছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ।

আরও পড়ুন: নরসিংদীতে স্কুল শিক্ষককে পুলিশ সদস্যের মারধর

তিনি বলেন, শুক্রবার ভোর থেকে শনিবার বেলা একটা পর্যন্ত মিয়ানমার থেকে আর কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি এসব তাদের নিজস্ব ব্যাপার। তবে নাফ নদীর মিয়ানমার অংশে বড় জাহাজটি অবস্থান নেওয়ার পাশাপাশি একের পর এক মিয়ানমার থেকে সার্ভিস ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি করা হয়। এ জন্য আপাতত এ নৌপথ দিয়ে সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে সার্ভিস ট্রলারগুলো বিকল্প রুটে সাগর উপকূলীয় পথেই সেন্টমার্টিন যাতায়াত করবে।