নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ এপ্রিল) এক গণবিজ্ঞতিতে বিষয়টি জানিয়েছে ডিএসসিসি।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ (রেস্টুরেন্ট) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় ইতিমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনৈতিক উপায়ে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।
আরও পড়ুন: 'বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব': হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নাজিমুর রহমান
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্টুরেন্ট এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে বাতিল ঘোষণা করা হলো।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিল্লুর রহমান বলেন, ‘যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। তবে ভবনের অনুমোদন কিন্তু বাতিল করা হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীর উপস্থিত হয়ে আমাদের কাছে তথ্য-উপাত্ত দিলে সেগুলো সচল করা হবে।’
আরও পড়ুন: অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরে ২ জন গ্রেপ্তার
উল্লেখ্য, গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর রেস্তোরাঁর অনুমোদন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি সামনে আসে। ওই ভবনে আটটি রেস্তোরাঁ ছিল, তবে ভবনটিতে রেস্তোরাঁ প্রতিষ্ঠার কোনো অনুমোদনই ছিল না।





