স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে দাফন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৩ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক দম্পতি স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মধ্যেই স্ত্রীরও মৃত্যু ঘটে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার সময়গত বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত দম্পতি ছায়দুল হক (৫৯) ও স্ত্রী বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং তাদের ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

আরও পড়ুন: 'বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব': হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নাজিমুর রহমান

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছায়দুল হক। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিটের মাথায় স্ত্রী মরিয়মও কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে রাস্তায় পড়েন। পরে তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরে ২ জন গ্রেপ্তার